সরাসরি ওয়েবকাস্টে ভোট দেখতে পাবেন


    আগামিকাল , বুধবার রাজ্যে তৃতীয় দফায় চার জেলার নয় কেন্দ্রে ভোট নেওয়া হবে৷ আপনি এই সব কেন্দ্রের বাসিন্দা হোন বা না হোন , ঘরে বসেই সরাসরি বহু বুথের ভোটচিত্র লাইভ দেখতে পারেন বাড়িতে , অফিসে বা ইন্টারনেট কাফেতে বসে৷ আগের দু-দফাতেও এই ব্যবস্থা চালু ছিল৷ কমিশন মনে করছে , কালকের ভোটে আগের দু-দফার তুলনায় অনেক বেশি মানুষ ঘরে বসে এই ব্যবস্থার মাধ্যমে ভোট দেখবেন৷
    শুধু রাজ্য নয় , বিশ্বের যে কোনও প্রান্তে বসেই ভোটের বিশেষ করে বুথ ও ভোটকেন্দ্রের ভিতরের ছবি লাইভ দেখার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন৷ এ জন্য থাকতে হবে ইন্টারনেট সংযোগ -সহ ল্যাপটপ বা ডেস্কটপ৷ তা হলেই লাইভ ভোটচিত্র আপনার হাতের মুঠোয়৷ তা সে এ রাজ্যেরই বুথ হোক বা ভিন রাজ্যের কোনও বুথ৷ এই ব্যবস্থার নাম ওয়েবকাস্টিং৷ এই ব্যবস্থার সাহায্যেই কলকাতায় বসে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুন্ত, বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ থেকে শুরু করে দিল্লিকে নির্বাচন সদন থেকে ভোটের লাইভ ছবি দেখবেন মুখ্য নিবাচন কমিশনার ভিএস সম্পত্৷ এ জন্য আপনাকে যা করতে হবে তা হল , নেট চালু করে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও )-এর ওয়েবসাইট খুলতে হবে৷ আগামিকাল রাজ্যে তৃতীয় দফার নির্বাচনের দিন আপনি eci.nic.in অথবা ceowestbengal.nic.in ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন এই রাজ্যের ৯ কেন্দ্রের ১৭ হাজার ৩৩২টি বু্থের মধ্যে ৪২০টি ’তে লাইভ ভোটচিত্র দেখার ব্যবস্থা করেছে কমিশন৷
    সিইও -র ওয়েবসাইটের হোম পেজেই রয়েছে ‘ওয়েবকাস্টিং ফর পার্লামেন্ট ইলেকশন ২০১৪ ’-র লিঙ্ক৷ এই লিঙ্ক ক্লিক করলেই লাইভ ভোটচিত্র আপনার সামনে৷ ছবি দেখে কোনও বুথে কোনও গণ্ডগোল নজরে পড়লে আপনি তত্ক্ষণাত্ অভিযোগ জানাতে পারবেন ১৯৫০ নম্বরে ফোন করে৷ ২০১১ -র বিধানসভা ভোটের সময়েই কয়েকটি বুথ থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা প্রথমবারের জন্য করে কমিশন৷ প্রথমে শুধুমাত্র কমিশনের কর্তাব্যক্তিরাই তা দেখতে পেতেন৷ পরে ভোট প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে কমিশন ইন্টারনেটে লাইভ ওয়েবকাস্টিং দেখার সুযোগ সাধারণ মানুষকেও দেয়৷ কী ভাবে এই ব্যবস্থা কাজ করে৷ সংশ্লিষ্ট বুথে কমিশন ক্যামেরা -সহ একটি পৃথক ল্যাপটপ রাখছে৷ বুথের ভিতর শুধু ভোটিং চেম্বারটি ছাড়া , বাকি অংশের ছবি ধরা পড়ে ওই ক্যামেরায়৷ সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে তা আপলোড হয়ে যাচ্ছে ওয়েবসাইটগুলিতে৷ রাজ্যে প্রথম দুই দফায় ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা দেখে খুশি কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ৷ রাজ্যে প্রথম দফায় ১১০টি ও দ্বিতীয় দফায় ১৮৯টি বুথ থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করে কমিশন৷ রাজ্য নির্বাচন দন্তরের এক কর্তার কথায় , ‘যে সব বুথ থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা প্রথম দুই দফার ভোটে হয়েছিল , সেই বুথগুলিতে ভোটের সময় গোলমাল হয়নি৷ অত্যন্ত নির্বিঘ্নে ভোটপর্ব মিটেছে৷ এই ব্যবস্থা দেখেই রাকেশ সাহেব আমাদের তারিফ করেছেন৷ ’রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন , তৃতীয় দফায় হাওড়া , হুগলি ও বীরভূম জেলার সব মিলিয়ে ৩০০টি বুথ থেকে ওয়েবকাস্টিং করা হবে৷ বর্ধমান জেলায় ওয়েবকাস্টিং করা হবে ১২০টি বুথ থেকে৷ পাঁচ দফায় রাজ্যের ৭৭ হাজার বুথের মধ্যে ১৫০০ বুথ থেকে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছে কমিশন৷ জয়দীপবাবু বলেন , ‘কমিশন শুধুমাত্র ক্রিটিকাল বুথেই এই ব্যবস্থা রাখতে বলেছে৷ তাও সেই সমস্ত ক্রিটিকাল বুথ , যেখানে কেন্দ্রীয় বাহিনী , স্টিল ক্যামেরা , ভিডিও ক্যামেরা বা মাইক্রো অবজার্ভার দেওয়া হয়নি৷ তা ছাড়া রাজ্যের সব জায়গায় ইন্টারনেট কানেকটিভিটি ভাল নয়৷ তাই এ বারের ভোটে রাজ্যের ১৫০০ বুথেই এই ব্যবস্থা রাখার আপাতত পরিকল্পনা করা হয়েছে৷ ’ ভোটের দিন কী ভাবে দেখবেন লাইভ ভোটচিত্রইন্টারনেটে eci.nic.in সাইটে গিয়ে লাইভ ওয়েবকাস্টিং লিঙ্ক ক্লিক করুন৷ অথবা ceowestbengal.nic.in-এর হোম পেজে গিয়ে ক্লিক করুন ‘ওয়েবকাস্টিং ফর পার্লামেন্ট ইলেকশন ২০১৪ ’-র লিঙ্ক৷ জেলা ধরে বুথের নাম দিয়ে আসবে লাইভ ওয়েবকাস্টিং৷ আপনি যে বুথের ছবি দেখতে চান সেই বুথের নামের উপর ক্লিক করলেই দেখতে পাবেন টাটকা ভোটচিত্র৷

    0 comments:

    Post a Comment

    Read more at WWW.BANGLARMUKHONLINE.TK

    A forenight newspaper. Powered by Blogger.

    Latest Tweets